জামায়াতে ইসলামীর দলীয় বিজয়ের চেয়ে জনগণের বিজয়ই মুখ্য বলে মন্তব্য করেছেন দলটির আমীর শফিকুর রহমান। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ-আইনের চোখে সবাই সমান থাকবে।’
আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি। বলেন, ‘দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেওয়া হবে।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে-এটি অন্যায়। দুর্নীতির জড় ও মূল ধরেই ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত নিজেরা চাঁদাবাজি করবে না এবং কাউকেও চাঁদাবাজি করতে দেওয়া হবে না।’
দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত দল।’ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলের ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া হাজারো নেতাকর্মী নিহত ও বহু মানুষ পঙ্গু হয়েছেন বলেও দাবি করেন জামায়াত আমীর।

