বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির জন্য নতুন বার্তা নিয়ে আসছেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "সমগ্র জাতি আজকে উন্মুখ হয়ে আছে। মানুষকে জাগিয়ে তুলবার জন্য বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সূর্যোদয় হবে—এই আশা আমাদের সবার।" তিনি বিশ্বাস করেন, তারেক রহমানের এই নতুন বার্তা দেশের রাজনৈতিক সংকট উত্তরণে বিশেষ দিকনির্দেশনা দেবে।
বক্তব্যের শুরুতে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, "জিয়াউর রহমান বাংলাদেশে সত্যিকার অর্থে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টি করেছিলেন। তিনি দেশের সকল গণতান্ত্রিক শক্তি ও মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন।"
বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই চলছে, সেখানে তারেক রহমানের নেতৃত্ব জাতীয় ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

