নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ইশতেহার পাঠ করেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক। এরপর জাতীয় সঙ্গীত বাজানো হলে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন আগে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার তুলে ধরা হয়।


‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে এবং ‘করবো কাজ, গড়বো দেশ’ রাষ্ট্র পরিচালনার মূলনীতির আলোকে ইশতেহার প্রণয়ন করেছে বিএনপি। এতে পাঁচটি অধ্যায়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির বিষয়গুলো স্থান পেয়েছে।


বিএনপি জানায়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক চেয়ারম্যান খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এ ইশতেহার তৈরি করা হয়েছে।


অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরবেন। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে মঞ্চে আমন্ত্রণ জানান।


মঞ্চে উঠে তারেক রহমান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বক্তব্য শুরু করেন।