মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ-ধস, নিহত ১৮
ছবিঃ সংগৃহীত


ভারতের মেঘালয় রাজ্যে একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ ও ধসের ঘটনায় অন্তত ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। এছাড়া খনির ভেতরে বহু শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পূর্ব জৈন্তা পাহাড়ি এলাকায় অবস্থিত একটি অনুমোদনহীন খনিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, খনির ভেতর থেকে এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


স্থানীয় পুলিশ কর্মকর্তা মণিশ কুমার বলেন, বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন তা এখনো নিশ্চিত নয়। ফলে আরও শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


সূর্যাস্তের পর উদ্ধার অভিযান শুরু হলেও রাত হয়ে যাওয়ায় তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শুক্রবার থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের সহায়তায় পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।


পুলিশের ভাষ্য অনুযায়ী, এটি একটি অবৈধ ‘রেট-হোল’ খনি, যেখানে সরু গর্ত দিয়ে নিচে নেমে শ্রমিকরা ঝুঁকিপূর্ণ উপায়ে কয়লা ও অন্যান্য খনিজ উত্তোলন করেন।


মেঘালয়ের বিভাগীয় পুলিশ প্রধান বিকাশ কুমার বলেন, খনিতে মজুত রাখা ডাইনামাইটের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত শ্রমিকরা আগুনে পুড়ে বা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।