চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। বর্ণবাদী আচরণের দায়ে বেনফিকার আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের এই শীর্ষ সংস্থা।
গত সপ্তাহে বেনফিকার ঘরের মাঠে ম্যাচের মাঝপথে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। ভিনিসিয়ুস অভিযোগ করেন, প্রেস্তিয়ান্নি তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছেন। এই ঘটনার জেরে আগামীকাল (বুধবার) সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রেস্তিয়ান্নিকে মাঠে নামাতে পারবে না বেনফিকা।
প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে একমাত্র গোলটি করার পর বেনফিকার কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে উন্মত্ত উদযাপনে মাতেন ভিনিসিয়ুস। স্বাগতিক দর্শকদের সামনে করা এই উদযাপন পছন্দ হয়নি প্রেস্তিয়ান্নিসহ বেনফিকার অন্য খেলোয়াড়দের। এর কিছুক্ষণ পরেই ভিনিসিয়ুস বর্ণবাদের অভিযোগ তোলেন।
ভিনিসিয়ুসের সতীর্থ কিলিয়ান এমবাপে জানান, প্রেস্তিয়ান্নি নিজের জার্সিতে মুখ ঢেকে ব্রাজিলিয়ান তারকাকে ‘বানর’ বলে গালি দিয়েছিলেন। তবে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড উয়েফার কাছে দাবি করেছেন, তিনি কোনো বর্ণবাদী মন্তব্য করেননি। বরং তিনি ‘সমকামীবিরোধী’ একটি শব্দ ব্যবহার করেছিলেন বলে স্বীকার করেন।
উয়েফা জানিয়েছে, আপাতত দ্বিতীয় লেগের জন্য প্রেস্তিয়ান্নিকে নিষিদ্ধ করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে যদি বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হয়, তবে উয়েফার ডিসিপ্লিনারি আচরণবিধি অনুযায়ী তাকে ১০ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাদের তারকার পাশে দাঁড়িয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে, বেনফিকা শিবিরে এই নিষেধাজ্ঞা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ঘরের মাঠে হারার পর ফিরতি লেগে দলের মূল খেলোয়াড়কে ছাড়া মাঠে নামা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

