মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ সিরাজদিখান উপজেলার নিমতলা বাজার, ব্রিজের নিচের খাল এবং বিভিন্ন পরিবহন স্ট্যান্ড পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-মাওয়া হাইওয়ের পাশে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় তিনি সরেজমিনে গিয়ে সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড ও সৃষ্ট যানজটের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগ আছে কিনা সে বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এমপি শেখ আব্দুল্লাহ। তিনি সবাইকে কোনো প্রকার চাঁদা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেউ চাঁদা দাবি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
এছাড়া নিমতলা ব্রিজের নিচে খালে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পরিবেশ সুন্দর রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এমপির এই উদ্যোগ বাস্তবায়ন হলে নিমতলা বাজার এলাকায় দীর্ঘদিনের যানজট ও অব্যবস্থাপনার সমস্যা কমে আসবে।

