রাজারহাট উপজেলাতে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাসরিন বেগম (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দামারী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসরিন বেগম ওই এলাকার বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী।


স্থানীয়রা জানান, সকালে নাসরিন বেগমকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার শয়নকক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তারা বাড়ির লোকজনকে খবর দেন। ঘটনার সময় বাড়িতে তার স্বামী নুর আলমকে পাওয়া যায়নি এবং ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও স্বামীর সঙ্গে মান-অভিমান থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।


খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।


আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।