আলমডাঙ্গায় বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবিঃ বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিজ বাড়ি থেকে ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নর আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নিহত ব্যক্তির নাম সুজন আলী (৪০)। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলীর ছেলে এবং পেশায় রংমিস্ত্রি ছিলেন। তিন সন্তানের জনক সুজন আলীর পারিবারিক জীবনে কিছুদিন ধরে অশান্তি চলছিল বলে জানা গেছে।


স্থানীয়রা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সুজন আলীর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করছিলেন।


সোমবার সকালে বড় ছেলে লিমন বাবার খোঁজ নিতে বাড়িতে আসেন। প্রধান ফটক ভেতর থেকে আটকানো থাকায় তিনি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। ঘরের দরজা খোলা দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভেতরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে এ ঘটনা ঘটেছে।


দৃশ্যটি দেখে লিমন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।