ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও প্রশাসনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন। তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
লাইভে জসীম উদ্দিন বলেন, দেবিদ্বারের ভোটারদের স্বার্থ বিবেচনা করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগ, বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়মের বিষয়ে বারবার জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি যোগাযোগ করার পরও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনেক কেন্দ্রে যাননি বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, এ আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন জসীম উদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

