ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রের নিকটবর্তী একটি বন্ধ মাংসের দোকান থেকে বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা ভোটগ্রহণ চলাকালে দোকানের ভেতরে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরক নয়। এটি ব্যাটারি ও তার দিয়ে তৈরি একটি বোমা সদৃশ বস্তু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই কেউ এটি সেখানে রেখে গেছে।
ভোট দিতে আসা সাধারণ ভোটাররা বলেন, "এমন ঘটনায় সাময়িকভাবে উদ্বেগ তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।"
এ ঘটনায় এলাকায় কিছু সময় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

