শেষ হলো ভোটগ্রহণ এবার অপেক্ষা চূড়ান্ত ফলাফলের
ছবিঃ বিপ্লবীবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলে। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। তবে পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। একই সঙ্গে সংবিধানের মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটে অংশ নেন ভোটাররা। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু হবে।


সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোট দিয়ে তিনি দিনটিকে “নতুন বাংলাদেশের জন্মদিন” হিসেবে উল্লেখ করে সবার উদ্দেশে বলেন, “ঈদ মোবারক”। 


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বলেন, 'এই ভোটের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের পথে আরও এগিয়ে গেল।' বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়ে বলেন, 'নির্বাচন নিরপেক্ষ হলে তাঁর দল ফল মেনে নেবে এবং জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।' জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে বলেন, 'তাঁরা সরকার গঠনে আশাবাদী।'

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, 'তাঁদের জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে তিনি মনে করেন।'


এদিকে বিভিন্ন স্থানে সহিংসতা ও অসুস্থতায় চারজনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব ঘটনা ঘটে। এছাড়া কুমিল্লা ও গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে কয়েকজন আহত হয়েছেন।


আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে