ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে ফরিদপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রসমূহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনা এবং ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম বলেন, “জেলা পুলিশ সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করছে। ভোটাররা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।” তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী আচরণবিধি অনুসরণের আহ্বান জানান।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, “ফরিদপুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সকলের সহযোগিতায় সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছি।প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক মনিটরিং চলছে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আমরা কঠোরভাবে তদারকি করছি।”
সাক্ষাৎকার শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়েই সকলের কাছে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।

