সাধারণ নাগরিকদের জন্য ঈদে নতুন নোট বন্ধ রাখল কেন্দ্রীয় ব্যাংক
ছবিঃ সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষকে নতুন নোট বিতরণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নোটের বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।


খোঁজে জানা গেছে, গত ৩ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ অফিস আদেশে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন নোট বিতরণ শুরু হয়েছে। আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক ও যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত নতুন নোট পাবেন। সাধারণ কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীর জন্য সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট বরাদ্দ রাখা হয়েছে। এই বিশেষ বরাদ্দ ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।


বাংলাদেশ ব্যাংকের এই দ্বিমুখী সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেক কর্মকর্তা। তাদের মতে, ডিজিটাল লেনদেন ও নগদ টাকার ব্যবহার কমানোর কথা বললেও নিজেদের জন্য বিপুল পরিমাণ নগদ টাকা বিতরণ করা হচ্ছে।


ঈদের সময় শিশু-কিশোরদের জন্য নতুন নোটের চাহিদা বেশি থাকে। প্রতিবছর কয়েক হাজার কোটি টাকার নতুন নোট বাজারে আসে, যা এবার সাধারণ নাগরিকদের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও ফার্মগেট এলাকায় ফুটপাতের দোকানগুলো থেকে চড়া কমিশনের বিনিময়ে নতুন নোট কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।