বিপ্লবী বার্তা
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
ইরানের সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মুখপাত্র মাজিদ আখভান মেহের নিউজ এজেন্সিকে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে।’
খবরে বলা হয়, শনিবার সকালে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। ইসরাইল জরুরি অবস্থা জারি করার সাথে সাথে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে ‘নিরাপদ স্থানে’ স্থানান্তর করা হয়েছে।
এদিকে ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার তেহরানে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে শহরটির বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর আসে। তবে এসব বিস্ফোরণের উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

