চিকিৎসকদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী
ছবিঃ বিপ্লবী বার্তা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যব্যবস্থাকে আরও নিরবচ্ছিন্ন ও সহজ করতে চিকিৎসকদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি জানান, ইতোমধ্যে সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বিষয়টি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, সিভিল সার্জনদের অফিসে বসে না থেকে নিয়মিত পরিদর্শনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে বিদ্যমান শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হবে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো প্রয়োজনীয় জনবল দিয়ে সচল করা হবে, যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সেখান থেকেই নিতে পারেন। জনবল ও যন্ত্রাংশের অভাবে বন্ধ বা অচল থাকা হাসপাতালগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।