ঝালকাঠির নলছিটি উপজেলায় কারাবন্দি এক ছাত্রলীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নর কামদেবপুর এলাকায় পারিবারিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫)।
পরিবার সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তার বাবা মোশাররফ জোমাদ্দরের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়। প্রশাসনের অনুমোদনের পর স্বল্প সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন।
জানাজার সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, রাকিবের বাবার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। পিতার মৃত্যু যে কোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের উল্লেখ করে তিনি রাকিব ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবকে পুলিশ পাহারায় জানাজায় নেওয়া হয়। অনুষ্ঠান শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

