ফরিদপুরে ৩টিতে বিএনপি, ১টি আসনে জামায়াতের জয়
ছবিঃ বিপ্লবীবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের ফলাফলে তিনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয় লাভ করেছে।


বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান মোল্য এ ফলাফল ঘোষণা করেন।


ঘোষিত ফলাফল অনুযায়ী, ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা মোট ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। এ আসনে বিজয়ের ব্যবধান দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৬৯ ভোট। পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ১৯৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট। এখানে বিজয়ের ব্যবধান ৩২ হাজার ৩৮৯ ভোট। এই আসনে মোট ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়, যার মধ্যে পোস্টাল ভোট কেন্দ্রও অন্তর্ভুক্ত।


ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট। ২৪ হাজার ৪৩০ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫৫টি (পোস্টাল কেন্দ্রসহ)।


ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা ছরোয়ার হুসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট। এখানে ব্যবধান দাঁড়ায় ৫১ হাজার ৬৩৮ ভোটে। পোস্টাল কেন্দ্রসহ মোট ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।


চারটি আসনের ফলাফলে দেখা যায়, তিনটিতে জয় পাওয়ার মাধ্যমে ফরিদপুরে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, আর একটি আসনে জয় পেয়েছে জামায়াত।