কুড়িগ্রামে সংসদীয় আসনের ৩টিতে জামায়াত ও ১টিতে এনসিপি জয়ী
ছবিঃ বিপ্লবীবার্তা

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।


সংশ্লিষ্ট আসনগুলোর প্রাথমিক বেসরকারি ফলাফলে জানা গেছে, কুড়িগ্রাম-১ ( নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী), কুড়িগ্রাম-৩ (উলিপুর) এবং কুড়িগ্রাম-৪ ( রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা নিরুঙ্কুষ বিজয় পেয়েছেন। 


আর জেলার রাজনীতিতে সমচেয়ে গুরুত্বপূর্ণ কুড়িগ্রাম-২ ( সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) ড. আতিকুর রহমান মোজাহিদ জয়ী হয়েছেন।


কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৫ ভোট।


কুড়িগ্রাম-২ আসনে এনসিপি প্রার্থী ড. আতিকুর রহমান মোজাহিদ শাপলা কলি প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট।


কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫২ ভোট।


কুড়িগ্রাম-৪ আসনে আপন দুই ভাইয়ের লড়াইয়ে বিজয়ী হয়েছেন ছোট ভাই জামায়াত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই আপন বড় ভাই ও বিএনপি প্রার্থী মো. আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট।