বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ চায় না, তারা পুরোনো ব্যবস্থাই ধরে রাখতে চায়। তিনি বলেন, আগে যারা নীরব ছিলেন, এখন তারা ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছেন, তবে তাদের মুখের কথা যেন অন্তরের কথার প্রতিফলন হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’-এর বিপক্ষে যারা অবস্থান নেবেন, জনগণ তাদের ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পক্ষে হিসেবে বিবেচনা করবে। তিনি দাবি করেন, দেশের তরুণ সমাজ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা করছে। বিশ্ব পরিমণ্ডলে মর্যাদার সঙ্গে দাঁড়াতে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। তরুণদের প্রথম ভোট ‘হ্যাঁ’-এর পক্ষে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তারা কোনো দলের নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চান। দল বা গোষ্ঠীর বিজয় নয়, জনগণের বিজয়ই সবার জন্য কল্যাণ বয়ে আনবে বলে মন্তব্য করেন তিনি।
যুবসমাজ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তরুণরা বেকার ভাতা নয়, কাজের সুযোগ চায়। সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের দেশ গঠনে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে দক্ষতা ও দেশপ্রেমের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের নায়েবে আমির আনম শামশুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ।

