নাহিদের রিট খারিজ, নির্বাচনে বাধা নেই ড. কাইয়ুমের
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ড. কাইয়ুমের আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।


বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে সোমবার (২ ফেব্রুয়ারি) রিটটি দায়ের করেছিলেন একই আসনের ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করে প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছিল।


আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অন্যদিকে ড. কাইয়ুমের পক্ষে লড়েন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিটটি সরাসরি খারিজের সিদ্ধান্ত দেন।


উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন (ইসি) থেকে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম এবং ড. এম এ কাইয়ুম উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছিল। সেই বৈধতাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নাহিদ ইসলাম, যা শেষ পর্যন্ত খারিজ হয়।