টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে সময় বাকি মাত্র সপ্তাহখানেক। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আসর শুরু হওয়ার কথা থাকলেও, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে এখন চরম অনিশ্চয়তা। এই টানাপোড়েনের মাঝেই শেষ মুহূর্তে জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।
মূলত নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে অন্য দেশে নেওয়া এবং বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তান। এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিয়ে পুনরায় ভাবছে। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তানের অংশ নেওয়া এখন পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর ঝুলে আছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন টসের পর বিশ্বকাপের জার্সি উন্মোচন করার কথা ছিল। কিন্তু কোনো আনুষ্ঠানিক কারণ না জানিয়েই শেষ মুহূর্তে পিসিবি এই অনুষ্ঠান স্থগিত করে। পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, বিশ্বকাপে যাওয়া নিশ্চিত নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপে দলের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এ বিষয়ে তিনি বলেন, "সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।"
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মহসিন নাকভির একটি বিশেষ বৈঠক হয়। আগামী সোমবার সরকারের সবুজ সংকেত পেলেই জানা যাবে পাকিস্তান কি বিশ্বকাপে খেলছে নাকি বয়কট করছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কিছু সিদ্ধান্তের ওপর পাকিস্তানের এই অনড় অবস্থান বিশ্বকাপের রোমাঞ্চে জল ঢেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়াকে সহজভাবে নিতে পারছে না পিসিবি।

