বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি ঠিক কাজই করেছে: সাবেক ইংলিশ ক্রিকেটার বুচার
ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্তকে একটি ‘সঠিক দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার। তার মতে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে কোনো দল যদি আয়োজক দেশে যেতে অস্বীকৃতি জানায়, তবে তাদের টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়াই হওয়া উচিত ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ম।


২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ভারত। কিন্তু নিরাপত্তার উদ্বেগের কারণ দেখিয়ে ভারত ভ্রমণে অস্বীকৃতি জানায় বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড। দীর্ঘ কয়েক সপ্তাহের আলোচনার পর, গত ২৪ জানুয়ারি (শনিবার) আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।


মার্ক বুচার মনে করেন, ক্রিকেটের মর্যাদা রক্ষার খাতিরে অর্থের চেয়ে খেলার নিয়মকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। তিনি বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়টি এতটাই স্পষ্ট ছিল যে তা মহাকাশ থেকেও বোঝা যাচ্ছিল। তখন আইসিসির সুযোগ ছিল কঠোর হওয়ার। কিন্তু এখন বাংলাদেশকে বাদ দিয়ে তারা যে নজির গড়েছে, এটাই ভবিষ্যতে অনুসরণ করা উচিত।”


বুচার আরও যোগ করেন, কোনো দল যদি নিরাপত্তার কারণ দেখিয়ে আয়োজক দেশে না যেতে চায়, তবে সেই দলের পরিবর্তে তালিকায় ঠিক তার পরেই থাকা দলটিকে সুযোগ দেওয়া উচিত। টুর্নামেন্ট কোনো বিশেষ দলের জন্য আটকে থাকা উচিত নয়।


২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে না গেলেও টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করা হয়েছিল। আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর চুক্তিতে বলা ছিল ২০২৪-২৭ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কেন একই সুবিধা দেওয়া হলো না?


বুচার সরাসরি বলেন, “সবাই ভারতের মতো একই অবস্থানে নেই—এটা মহাকাশ থেকেও দৃশ্যমান। তবুও খেলার মর্যাদা অর্থের চেয়ে বেশি হওয়া উচিত।” তিনি আরও প্রশ্ন তোলেন পাকিস্তানের অবস্থান নিয়ে, যারা শুরুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও এখন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।


বুচারের মতে, ভবিষ্যতে জঘন্য পরিস্থিতি এড়ানোর একটাই উপায়, হয় আয়োজক দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা রেখে সেখানে গিয়ে খেলতে হবে।নয়তো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে এবং অন্য দলকে সুযোগ দিতে হবে।