শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের লিগপর্বের রোমাঞ্চকর আট রাউন্ড। ৩৬ দলের মধ্যে লড়াই শেষে টিকে আছে ২৪টি দল, আর বিদায় নিয়েছে ১২টি। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হবে নকআউট পর্বের বহুল প্রতীক্ষিত ড্র।
লিগপর্বের শীর্ষ আটটি দল সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনাল বা শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। এই তালিকায় আছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
পয়েন্ট তালিকায় ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোকে শেষ ষোলোতে যেতে হলে পার করতে হবে প্লে-অফ রাউন্ড। ৯ নম্বরে থাকায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকেও খেলতে হচ্ছে এই রাউন্ডে।
বাছাইকৃত দল বা সিডেড দলগুলোর মধ্যে রয়েছে, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্তাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আটালান্টা ও বায়ার লেভারকুসেন।
অন্যদিকে আনসিডেড বা অবাছাইকৃত দলগুলো হলো, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগ, গালাতাসারেই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিম্ট ও বেনফিকা।
ড্র-এর সমীকরণ ও সম্ভাব্য লড়াই
ইউয়েফার নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকার অবস্থানভেদে প্লে-অফের জোড়া নির্ধারিত হবে।
রিয়াল/ইন্টার লড়বে বেনফিকা বা বোডো/গ্লিম্টের বিপক্ষে।
পিএসজি/নিউক্যাসল লড়বে মোনাকো বা কারাবাগের বিপক্ষে।
জুভেন্তাস/অ্যাতলেটিকো ফেস করবে ক্লাব ব্রুগ বা গালাতাসারেইকে।
আটালান্টা/লেভারকুসেনের সামনে পড়বে ডর্টমুন্ড বা অলিম্পিয়াকোস।
প্লে-অফের প্রথম লেগ হবে ১৭-১৮ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ ২৪-২৫ ফেব্রুয়ারি। এরপর শেষ ষোলোর লড়াই শুরু হবে মার্চে। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ আসরের মেগা ফাইনাল। বাংলাদেশের দর্শকরা সরাসরি এই ড্র দেখতে পারবেন সনি স্পোর্টস ১, উয়েফার ওয়েবসাইট ও অফিশিয়াল অ্যাপে।

