স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রেকর্ড ব্যবধানে জয়
ছবিঃ সংগৃহীত

নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে আজ যেন এক 'রান উৎসব' দেখালো বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিধ্বংসী হাফসেঞ্চুরি এবং মারুফা-স্বর্ণাদের ধারালো বোলিংয়ে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।


টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জ্যোতি। শুরু থেকেই দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস মারমুখী মেজাজে খেলতে থাকেন। উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। দিলারা ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া ২২ রান করে সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়েছিল দল। শারমিন আক্তার সুপ্তা (১৫) দ্রুত বিদায় নিলেও হাল ধরেন অধিনায়ক নিজে।


জ্যোতি ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ইনিংসের ভিত মজবুত করেন। তাকে যোগ্য সঙ্গ দেন সোবহানা মোস্তারি, যিনি মাত্র ২৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় খেলেন ৪৭ রানের এক ঝোড়ো ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।


১৯২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় স্কটল্যান্ড। পেসার মারুফা আক্তার প্রথম বলেই ডার্সি কার্টারকে ফিরিয়ে বিপদের সংকেত দেন। স্কটিশ ব্যাটাররা বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। দলের হয়ে মারুফা আক্তার নেন সর্বোচ্চ ৩টি উইকেট।অন্যদিকে অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বর্ণা আক্তার শিকার করেন ২ উইকেট।


স্কটল্যান্ডের পক্ষে পিপা স্প্রাউল (২৭) এবং মেগান ম্যাককল (২০) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১০১ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।


আজকের এই জয়টি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয় (৯০ রান)। এর আগে মালদ্বীপের বিপক্ষে রেকর্ড ২৪৯ রান এবং ২০২৪ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানে জেতার রেকর্ড রয়েছে টাইগ্রেসদের।