শেষ বাঁশির আগ পর্যন্ত চলেছে স্নায়ুক্ষয়ী হিসাব-নিকাশ। প্রতিটি গোল যেন নতুন করে লিখেছে পয়েন্ট টেবিলের ভাগ্য। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে কোথাও ছিল আনন্দের মহোৎসব, আবার কোথাও নেমে এসেছে হতাশার ছায়া। নাটকীয় এই লড়াই শেষে নিশ্চিত হয়েছে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেওয়া আটটি দল।
শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি নকআউট নিশ্চিত ছিল কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ-এর। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকায় যোগ দিল আরও ছয়টি দল। সরাসরি শেষ ১৬ নিশ্চিত করা আট দল হলো: ১. আর্সেনাল ২. বায়ার্ন মিউনিখ ৩. লিভারপুল ৪. টটেনহ্যাম হটস্পার ৫. বার্সেলোনা ৬. চেলসি ৭. স্পোর্তিং সিপি ৮ ম্যানচেস্টার সিটি
লিগ পর্বের সবচেয়ে বড় চমক ছিল ১৫ বারের ইউরোপসেরা রিয়াল মাদ্রিদ-এর পতন। টেবিলের তৃতীয় স্থানে থেকে শেষ রাউন্ড শুরু করা রিয়াল ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছে বেনফিকার কাছে। এই হারে সরাসরি নকআউটের সুযোগ হারিয়ে টেবিলের ৯ নম্বরে নেমে গেছে তারা। ফলে এখন প্লে-অফ বাধা পেরিয়ে তাদের শেষ ১৬-তে উঠতে হবে।
সেরা আট থেকে ছিটকে পড়া দলগুলোকে এখন দুই লেগের প্লে-অফ খেলতে হবে। এই তালিকায় রয়েছে ইউরোপের অনেক বড় শক্তি। প্লে-অফে লড়বে, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট এবং বেনফিকা।
লিগ পর্ব শেষেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ১২টি দল। এর মধ্যে শেষ দিনে বিদায় ঘণ্টা বেজেছে নাপোলি, আয়াক্স, পিএসভি এবং মার্সেইয়ের মতো দলগুলোর। এছাড়া আগেই বিদায় নিশ্চিত হয়েছিল ভিয়ারিয়াল ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের।

