ইরানে মার্কিন হামলা হবে বড় ভুল, যুক্তরাষ্ট্রকে তুরস্কের কড়া হুঁশিয়ারি
ছবিঃ বিপ্লবী বার্তা

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন সামরিক হামলা নিয়ে এবার কঠোর সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। আঙ্কারার মতে, তেহরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ হবে একটি বড় ভুল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই হুঁশিয়ারি দেন।


তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলেন, সামরিক শক্তি প্রয়োগ না করে দুই দেশেরই কূটনীতির মাধ্যমে বিতর্কিত বিষয়গুলো সমাধান করা উচিত। তিনি পরামর্শ দেন, "মার্কিন বন্ধুদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, ইরানের সঙ্গে সকল সমস্যার সমাধান একের পর এক ধাপে ধাপে সম্পন্ন করুন। আলোচনার শুরুটা হওয়া উচিত পারমাণবিক ইস্যু দিয়ে, এরপর অন্যান্য বিষয়ে নজর দেওয়া যেতে পারে।"


তিনি আরও উল্লেখ করেন যে, ইরান বর্তমানে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।


আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে হাকান ফিদান বলেন, 'ইরানিদেরও এই অঞ্চলে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। প্রতিবেশী দেশগুলো তাদের কীভাবে দেখছে, সেদিকে তেহরানের মনোযোগ দেওয়া উচিত। তিনি স্মরণ করিয়ে দেন যে, "আমরা বা ইরান, কেউই এই অঞ্চল ছেড়ে কোথাও যাচ্ছি না, তাই পারস্পরিক সমঝোতাই একমাত্র পথ।"


তুরস্কের এই বার্তা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন। ট্রাম্পের এই বার্তার পর তেহরানও তাদের অবস্থান পরিষ্কার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।


আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে বড় কোনো সংঘাত এড়াতে তুরস্ক এখন মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে।