এবার কন্যার বাবা হলেন অভিনেতা পলাশ
ছবিঃ বিপ্লবী বার্তা
দ্বিতীয়বারের মতো বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। তাঁর স্ত্রী নাফিসা একটি সুস্থ ও ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে পলাশের পরিবার।


হাসপাতাল থেকে পলাশ জানান, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।’


টেলিভিশন পর্দায় পলাশের জনপ্রিয়তা আসে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাঁকে দেশ–বিদেশের দর্শকদের কাছে পরিচিত করে তোলে।


ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। পরের বছর জুলাই মাসে প্রথম সন্তানের বাবা হন তিনি—পুত্র সন্তানের নাম রাখা হয় মোহাইমিনুল হক আহান। এবার সেই সংসারে যুক্ত হলো কন্যাসন্তানের নতুন হাসি।


ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজ শুরু করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘদিন তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি।


একসময় অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন পলাশ, আর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তাঁর ক্যারিয়ার নতুন মোড় নেয়। নিয়মিত অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটক ও টিভিসি নির্মাণ করতেও দেখা যায় এই অভিনেতা–নির্মাতাকে।