ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান, সমাবেশ ঘিরে উত্তেজনা
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।


ময়মনসিংহে জেলা সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রামের পর জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় সূত্র জানায়, এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের একটি বড় অংশ জনসভায় অংশ নেননি।


স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, জেলার সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির সমর্থকদের মতে, এখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রভাব সীমিত, শুধু ফুলবাড়িয়া আসনে উল্লেখযোগ্য।


সমাবেশে উপস্থিত বিরিশিরির সুসং দূর্গাপুর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, “নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করবে বলে আশা করি।”


দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ মঞ্চে এখনও তারেক রহমান উপস্থিত হননি। শহর ও বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ মাঠে আসতে শুরু করেছেন। তার আগমনের আগে শহরের বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় বড় ছবি।


ময়মনসিংহের জনসভা শেষে তিনি গাজীপুরের রাজবাড়ী মাঠ ও উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।


উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন বিএনপির চেয়ারম্যান। ওই সফরে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী ও রূপগঞ্জসহ সাতটি পথসভায় অংশ নেন। পরে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ ছয়টি পথসভায় অংশগ্রহণ করেন।


বিএনপির মিডিয়া সেল জানায়, ময়মনসিংহ সফরের পর তিনি পর্যায়ক্রমে রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।