টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই নিয়ে বাছাইপর্বে টানা চার ম্যাচে জয়ের স্বাদ পেল টাইগ্রেসরা।
নেপালের কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুতে ১১ রান করে ওপেনার জুরাইয়া ফেরদৌস বিদায় নিলে কিছুটা চাপে পড়ে দল। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সেই চাপ সামাল দেন দিলারা আক্তার ও শারমিন আক্তার। এই জুটি স্কোরবোর্ডে যোগ করেন গুরুত্বপূর্ণ ৭০ রান।
ওপেনার দিলারা আক্তার ২৭ বলে ৩৫ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শারমিন আক্তার। ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি, যা এই বাছাইপর্বে তাঁর দ্বিতীয় অর্ধশতক। অধিনায়ক নিগার সুলতানা ১৩ বলে ১৩ রান করলেও শেষ দিকে সোবহানা মোস্তারি ঝোড়ো ব্যাটিং করেন। তাঁর ১৬ বলে ৩০ রানের ক্যামিওতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক। আইরিশ ওপেনার অ্যামি হান্টার ভালো খেললেও ৭.৩ ওভারে ব্যক্তিগত ২৫ রানে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন। তখন দলটির সংগ্রহ ছিল বিনা উইকেটে ৫৩ রান। ১০.৪ ওভারে ৭১ রানে প্রথম উইকেট হারানোর পর আইরিশদের হাল ধরেন অধিনায়ক গ্যাবি লুইস।
গ্যাবি লুইস ৫৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেনি আয়ারল্যান্ড। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪৩ রান প্রয়োজন থাকলেও ৮ উইকেট হাতে নিয়ে সেই সমীকরণ মেলাতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে সক্ষম হয় আইরিশ মেয়েরা। ফলে ৯ রানের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।

