আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জোট সমীকরণ নিয়ে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট বর্জনের সিদ্ধান্ত, জামায়াত আমিরের চলমান নির্বাচনী সফর এবং পরবর্তী দলীয় কৌশল নির্ধারণের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বৈঠকটি এখনও চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ১০টি দল ২৫৩টি আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়। সে সময় জানানো হয়েছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং সমঝোতার সম্ভাবনা রয়েছে।
কিন্তু পরদিন শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে এবং জোটে না থাকার সিদ্ধান্ত ঘোষণা করে। দলটি জানায়, তারা ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করবে এবং বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থন দেবে।
এমন প্রেক্ষাপটে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং নির্বাচনী কৌশল নির্ধারণ করতেই জামায়াতে ইসলামী আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

