বিপ্লবী বার্তা

কেশবপুরে সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের প্রধানসহ তিনজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মোছা. মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদ এবং তাঁদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের দোকানঘরের ব্যবসায়ী, সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয়টির মালিকানাধীন প্রায় ৭২টি দোকানঘরের ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁরা বিদ্যালয়ের দোকানঘরগুলোতে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি কোনো পূর্ব আলোচনা বা সমঝোতা ছাড়াই দোকানভাড়া ও জামানতের টাকা দ্বিগুণ করার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।ব্যবসায়ীদের অভিযোগ, দাবিকৃত বর্ধিত ভাড়া ও জামানতের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কয়েকজনের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এতে তাঁদের দীর্ঘদিনের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের দোকানঘর পরিচালনা ও সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। বিশেষ করে সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলু বিদ্যালয় চত্বরে একটি কক্ষ ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ তোলেন তাঁরা।বক্তাদের দাবি, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সোহরাব হোসেন, মীর আব্দুল খাবীর, উজ্জ্বল বিশ্বাস, অজিয়ার রহমান, আলমগীর হোসেন ও অলোকেশ দেবনাথ বাবু প্রমুখ। এ সময় বিভিন্ন এলাকার দোকানদার, সাবেক শিক্ষক, সাবেক শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।মানববন্ধন থেকে বক্তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, দোকানে তালা দেওয়ার ঘটনার প্রতিকার এবং অভিযুক্ত তিনজনকে তাঁদের দায়িত্ব থেকে অপসারণের দাবি তোলেন। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

কেশবপুরে সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের প্রধানসহ তিনজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন