জনগণের অংশগ্রহণে এসেছে গণতন্ত্রের জয়: তারেক রহমান
ছবিঃ সংগৃহীত
বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।”


শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশের গণতন্ত্রের পথ সুগম করা হয়েছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে দেশ।


তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


সংবাদ সম্মেলনে তারেক রহমান জানান, এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল অংশ নেয়। অংশগ্রহণকারী সব দলকে তিনি অভিনন্দন জানান।


তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনীতিতে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের বাতিঘর। সরকার ও বিরোধীদল নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে বিশ্বাস করেন তিনি।


দেশ গঠনে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”