কুড়িগ্রাম-২ আসনের ফলাফল স্থগিত, পুন: গণনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবীবার্তা

কুড়িগ্রাম-২ আসনে ফলাফল স্থগিত এবং পুন: গণনার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির সদস্য সচিব ও প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ।


শুক্রবার রাতে কুড়িগ্রাম পৌর শহরে তার নিজ বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান,যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ প্রমুখ।


সংবাদ সম্মেলনে বলা হয়, ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু প্রশাসনের সহযোগিতায় জনগণের রায়ের প্রতিফলন করা হয়নি।


ভোটের ফলাফরে কারচুপির কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক কেন্দ্রে পোলিং এজেন্টেকে আটকে রাখা, পোলিং এজেন্টের স্বাক্ষর নেই। কয়েকটি কেন্দ্রে ধানের শীষ যে পরিমাণে ভোট পেয়েছিল সেই ফলাফল না দেয়ায় জনগণের সন্দেহ হলে তা আটকিয়ে দেয়। কিন্তু প্রশাসন ভয়ভীতি প্রদর্শন করে ব্যালট বাক্স নিয়ে আসে। ব্যালট পেপারের সংখ্যা কমিয়ে দেয়া এবং কেন্দ্রে ঘোষিত ফলাফলের সাথে ইউএনও অফিসের ফলাফল অমিল, অনেক কেন্দ্রে নষ্ট ভোট না থাকাসহ নানা অভিযোগ করেন তিনি।


এসব অভিযোগের তথ্য-প্রমাণসহ ফলাফল স্থগিত চেয়ে পুন:গণনার দাবীতে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত দেয়া হয়েছে বলে জানানো হয়। তিনি দাবী করেন, তার আসনের প্রতিটি কেন্দ্রের ফলাফল পুন:গণনা করা হলে মানুষ ধানের শীষে যে ভোট দিয়েছে তার প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে।