মন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে চান মুন্সীগঞ্জ-০১ আসন বাসী
ছবিঃ বিপ্লবী বার্তা

মুন্সীগঞ্জ-০১ আসন (সিরাজদিখান-শ্রীনগর) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চান স্থানীয়রা। বিপুল ভোটে বিজয়ের পর এলাকায় এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ভোটার ও ব্যবসায়ী মহল।


নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পেয়েছেন ১,৬৭,৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজী পান ১,০১,৫৬৮ ভোট।


উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ের পর এলাকায় আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সাধারণ ভোটারদের প্রত্যাশা, তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে মুন্সীগঞ্জসহ দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।


শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মুসলিম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং তৈরি পোশাক খাতে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি খাতে অবদানের কারণে তিনি শিল্প মহলে সুপরিচিত বলে জানান সংশ্লিষ্টরা।


পাট উৎপাদন ও পাটশিল্পের ঐতিহ্যবাহী জেলা মুন্সীগঞ্জের বাসিন্দাদের দাবি, তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়-এর দায়িত্ব দেওয়া হলে খাতটির আধুনিকায়ন, নতুন বিনিয়োগ আকর্ষণ, বন্ধ কারখানা চালু এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।


স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, গার্মেন্টস খাতে তার ব্যবস্থাপনা অভিজ্ঞতা পাট ও বস্ত্র শিল্পেও কাজে লাগানো সম্ভব, যা রপ্তানি আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।


এক প্রতিক্রিয়ায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “মুন্সীগঞ্জ-০১ বাসী আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, তা উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে প্রতিফলিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”


এখন মুন্সীগঞ্জ-০১ এলাকার মানুষের প্রত্যাশা, তাদের নির্বাচিত প্রতিনিধি জাতীয় পর্যায়ে দায়িত্ব পেয়ে জেলার ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন।