মুকসুদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার, অভিযোগ দলীয় শৃঙ্খলা ভঙ্গ
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বদিউজ্জামান বিল্টু খান ও সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান শামীম।


গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব কেএম খায়ের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে। আদেশ অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।


এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান জানান, বহিষ্কৃত দুই নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, তারা আওয়ামী লীগ–সমর্থিত সুবিধাভোগী ও জুলাই ছাত্র হত্যা মামলার এক আসামির পক্ষে ‘ফুটবল’ প্রতীকের হয়ে কাজ করেন।


তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় গত ১ ফেব্রুয়ারি জেলা বিএনপিকে বিষয়টি জানানো হয়। পরে জেলা বিএনপি তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।