‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
ছবিঃ বিপ্লবীবার্তা

দেশের প্রতি দায়বদ্ধতা ও পরিবর্তনের প্রত্যাশা থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একদল সাধারণ শিক্ষার্থী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। প্রচারণার শেষ মুহূর্তে তারা সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে কেন ‘হ্যাঁ’তে ভোট দেওয়া প্রয়োজন সে বিষয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন।


শিক্ষার্থীরা জানান, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ এই ধারণাকে বাস্তবায়ন করতেই গণভোটে অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ তে ভোট দেওয়া অত্যন্ত জরুরি। ইনসাফভিত্তিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্রব্যবস্থা গঠনের আশায় তারা নিজেরাও ‘হ্যাঁ’-তে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


প্রচারণাকালে শিক্ষার্থীরা আরও বলেন, দেশ গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।


ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই উদ্যোগ গণভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।