আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তির পরিকল্পনা চলছে—এমন গুঞ্জন শোনা যাচ্ছে চলচ্চিত্রপাড়ায়। তবে সিনেমাটির নায়িকা নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নায়িকা হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম আলোচনায় রয়েছে। বিশেষ করে দ্বিতীয় নায়িকার চরিত্রে তাকে ভাবা হচ্ছে বলে জানা গেছে। এ চরিত্র নিয়ে তিনি পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন এবং চরিত্রটি তার পছন্দ হয়েছে বলেও সূত্রের দাবি।
অন্যদিকে, ছবির প্রধান নায়িকা হিসেবে পাকিস্তানের কোনো তারকাকে নেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও বিষয়টি এখনো গুঞ্জন পর্যায়েই রয়েছে। চূড়ান্ত চুক্তি না হওয়ায় নির্মাতা পক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করছে না।
এ প্রসঙ্গে সিনেমার পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন, নায়িকা বিষয়ে এখনই কিছু জানানো সম্ভব নয়। বিষয়টি চূড়ান্ত হলে দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে এখনো মুখ খোলেননি তানজিয়া জামান মিথিলা।
বর্তমানে শাকিব খান ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্টরা জানান, এ ছবির কাজ শেষ করে দুই সপ্তাহ বিরতি নিয়ে তিনি ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু করতে পারেন।

