কুড়িগ্রাম-২ আসনে রিজভীর গণসংযোগ ও মিছিল
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রাম-২ আসনে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে গণসংযোগ ও গণমিছিলে অংশ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শাপলা চত্বর হয়ে কুড়িগ্রাম কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন বলে দলীয় সূত্র জানায়।


এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে রুহুল কবির রিজভী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে ভোট চান। তিনি বলেন, সোহেল একজন সৌজন্যবোধসম্পন্ন ও বিনয়ী মানুষ। তার কণ্ঠে সবসময়ই নম্রতা পাওয়া যায়। দেশে যেন আবার কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ কায়েম না হয়, সে জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


রিজভী আরও বলেন, বিভিন্ন মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, যা তিনি কৃতজ্ঞতাবোধের অভাব হিসেবে উল্লেখ করেন। তিনি অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিভিন্ন দল ও নেতৃত্বের ভূমিকা নিয়েও কথা বলেন। পাশাপাশি নারীর রাজনৈতিক অধিকার প্রসঙ্গেও নিজের বক্তব্য তুলে ধরেন।


সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ওমর ফারুক, আবুবকর সিদ্দিক, পিপি বজলুর রশিদ ও মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতারা।