মাগুরা-২ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক এমবি বাকের বলেছেন, নির্বাচিত হলে মাগুরা সদর উপজেলার চারটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে একটি নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে।
বেরইল পলিতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার বিকালে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা বাজারে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপত্বি করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গাজী মুহতাসিম বিল্লাহ। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় লোক উপস্থিত ছিলেন।
এম বি বাকের বলেন, বর্তমান বেরইল পলিতা ইউনিয়নে একটি হাসপাতাল থাকলেও তা দৃশ্যমান নাই, তাই নির্বাচিত হলে তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সেই হাসপাতালটি সচল করবেন। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, স্বাস্থ্যখাতে আধুনিক সুযোগ-সুবিধা ও নাগরিকদের সহজ চিকিৎসা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বেরইল বলফিল্ডকে একটি মিনি স্টেডিয়াম করার ঘোষণাও দেন তিনি।
এলাকার সন্তান হিসাবে তিনি নিজের পক্ষে ভোট চেয়ে বলেন, এর আগে এই এলাকার উন্নয়নে অনেক বরাদ্দ থাকলেও যারা দায়িত্বে ছিলেন তাদের দুর্নীতির কারণে উন্নয়ন হয়নি। আমরা জনগনের জন্য বরাদ্দ একটি টাকাও নিজেদের পকেটে ভরবো না। ফলে যা আসবে তার সবটুকু সুবিধা জনগন পাবে।
এ সময় তিনি বলেন, আমি সবার এমপি হতে চাই। আমার এলাকা কৃষি প্রধান। তাই কৃষকদের জন্য আমার বাড়তি কিছু পরিকল্পনা রয়েছে। আমি সেগুলো বাস্তবায়ন করবো।

