‘প্রিন্স’ সিনেমায় চমক নিয়ে আসছেন ফারিণ
ছবিঃ সংগৃহীত


মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং শেষ করে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করা, নিজের চরিত্রের বৈচিত্র্য এবং কলকাতার সিনেমায় কাজের পরিকল্পনা নিয়ে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।


শাকিব খানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, বড় তারকার সঙ্গে কাজ করা অবশ্যই ইতিবাচক, তবে কেবল সেই কারণেই তিনি সিনেমাটিতে রাজি হননি। গল্প ও চরিত্রের গভীরতাই তাকে বেশি টেনেছে।


ফারিণ জানান, এই প্রথম তিনি পুরোপুরি বিনোদনধর্মী ও গ্ল্যামারাস একটি চরিত্রে অভিনয় করছেন, যার রয়েছে একাধিক স্তর। ছবিতে নব্বইয়ের দশকের আবহ তুলে ধরা হবে, যদিও তিনি নিজে ওই সময়ে জন্মাননি। তার ভাষায়, প্রতিটি দৃশ্যে চরিত্রটি পরিবর্তিত হতে থাকবে, যা একজন অভিনেত্রীর জন্য চ্যালেঞ্জিং ও আনন্দের।


সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে জ্যোতির্ময়ী কুণ্ডু থাকলেও নিজের চরিত্রের গুরুত্ব ও বৈচিত্র্যের কারণেই কাজটিতে আগ্রহী হয়েছেন বলে জানান ফারিণ।


কলকাতার সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, টালিউড তারকা দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ভবিষ্যতে দেবের সঙ্গে নতুন কোনো কাজের সম্ভাবনা আছে কি না—এ বিষয়ে এখনই কিছু বলতে চান না তিনি। ফারিণের মতে, আগেভাগে কোনো তথ্য জানালে কাজ বাতিল হলে ভক্তরা হতাশ হন, তাই চূড়ান্ত হওয়ার আগে কিছু বলতে নারাজ।


‘প্রিন্স’ সিনেমায় ফারিণকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে চমক ধরে রাখতে এ বিষয়ে মন্তব্য করেননি তিনি। আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান এই অভিনেত্রী।