বলিউড নির্মাতা রোহিত শেঠির বাসভবনে গুলিবর্ষণ
ছবিঃ সংগৃহীত

বলিউড পরিচালক রোহিত শেঠিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে মুম্বাইয়ে। তার জুহু এলাকার বাসভবনের সামনে গুলিবর্ষণের একটি ঘটনা সামনে এসেছে, যা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।


অভিযোগ অনুযায়ী, রোববার ভোরের দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তার আবাসিক ভবনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্র খুঁজতে ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সময় রোহিত শেঠি বাসায় ছিলেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি।


প্রাথমিকভাবে হামলার পেছনে কোনো সংগঠিত চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আলোচিত বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা, যদিও এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে ঘটনার পর রোহিত শেঠির বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 


বলিউড তারকাদের উপর হামলা হুমকির ঘটনা নতুন নয়। অতীতে সালমান খানের বাড়ির সামনে গুলির ঘটনা এবং শাহরুখ খানের প্রতি হুমকির খবরও আলোচনায় আসে। এছাড়া কিছুদিন আগেই কপিল শর্মার রেস্তোরাঁয় গুলির ঘটনার পরও অপরাধচক্রের নাম উঠে এসেছিল।