দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের অভিনয় জীবনে যোগ হলো নতুন এক সাফল্যের অধ্যায়। কলকাতায় জি ২৪ ঘণ্টা আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’য় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন জয়া।
বছরের প্রথম পুরস্কার ও জয়ার উচ্ছ্বাস পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে দেরি করেননি জয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি গর্বিত। জি ২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ মঞ্চে এই সম্মান পাওয়া সত্যিই আনন্দের ও আবেগের।”
তার এই অর্জনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরাও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
কালজয়ী উপন্যাসের ‘কুসুম’ চরিত্রে জয়া মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। ১৯৩৪-৩৫ সালে প্রকাশিত এই উপন্যাসের প্রায় ৯০ বছর পর সাহিত্যকর্মটি বড় পর্দায় রূপ পেয়েছে সুমন মুখার্জির হাত ধরে। সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন জটিল ও রহস্যময় ‘কুসুম’ চরিত্রে। সমালোচকদের মতে, এই চরিত্রে জয়া নিজেকে ভেঙেছেন এবং গড়েছেন নতুন রূপে।
তারকাবহুল কাস্টিং গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমায় জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন টালিউডের শীর্ষস্থানীয় তারকারা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে আবীর চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, ধৃতিমান চ্যাটার্জি ও অনন্যা চ্যাটার্জির মতো গুণী শিল্পীদের।

