বিয়ের গুঞ্জনের মাঝেও পর্দায় ফিরছে বিজয়–রাশমিকা জুটি
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আবারও পর্দায় জুটি বাঁধতে চলেছেন। গত সোমবার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমার নাম রাখা হয়েছে ‘রণবালী’, যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা।


ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘রণবালী’ সিনেমার মাধ্যমে বিজয়–রাশমিকার জুটি আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল।


এটি পরিচালক রাহুল সংকৃতিয়ানের সঙ্গে বিজয়ের দ্বিতীয় কাজ। এর আগে তারা একসঙ্গে ‘ট্যাক্সিওয়ালা’ নির্মাণ করেছিলেন। সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস, যারা আগে বিজয়ের ‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’ সিনেমা নির্মাণ করেছিল। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়–অতুল, টি-সিরিজের ব্যানারে।


‘রণবালী’ সিনেমার গল্প নির্মিত হচ্ছে উনিশ শতকের ভারতের সত্য ঘটনা অবলম্বনে। মূলত ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছায়া ও সাধারণ মানুষের দুর্ভোগকে কেন্দ্র করে সিনেমার কাহিনি সাজানো হয়েছে। নির্মাতারা সিনেমার নাম ঘোষণার পাশাপাশি একটি বিশেষ টিজার প্রকাশ করেছেন, যেখানে ব্রিটিশ শাসনামলের নির্মমতা ও ঔপনিবেশিক শাসনের প্রভাব ফুটে উঠেছে।


প্রশ্নমুখী দর্শকরা আশা করছেন, ‘রণবালী’ সিনেমা বিজয়–রাশমিকার জুটি এবং ঐতিহাসিক কাহিনির সমন্বয়ে নতুন রঙ যোগ করবে দক্ষিণ ভারতীয় সিনেমার জগতে।