দীর্ঘ বিরতি ভেঙে আবারও বড় পর্দা ও ওটিটিতে সরব হচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে জানা গেল, নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন।
নির্মাতা কামরুজ্জামান রোমান পরিচালিত এই ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। খুব শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এক বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পে কাজ করতে যাচ্ছেন তারা।
জানা গেছে, ‘শিকার’-এর শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে নেপালে যাবেন নির্মাতা রোমান। সেখানেই সিনেমার বেশিরভাগ দৃশ্য ধারণ করা হবে।
নির্মাতা সম্পর্কে নিজের অনুভূতি জানিয়ে অপু বিশ্বাস বলেন, “কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ—দুটো দিকেই তিনি অনেক যত্ন নেন। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”
ওয়েব ফিল্ম ‘শিকার’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও বেশ কয়েকজন অভিনেতাকে। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে এই ওয়েব ফিল্মটি।
এদিকে অপু বিশ্বাস বর্তমানে আরও দুটি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমা দুটি হলো বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’। এই দুটি ছবির শুটিংও এখন পুরোদমে চলছে।

