ভোটের রাজনীতিতে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগ: জনমনে মিশ্র প্রতিক্রিয়া
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে এবং মুসলমানদের শিরক করাচ্ছে। তিনি বলেন, নির্বাচনের পরে তারা কেমন ঠকাবে, তা এখন থেকে বোঝা যায়।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।


সমাবেশে তিনি উপস্থিত জনতার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে ধর্মীয় উদাহরণ উল্লেখ করে বলেন, “যে পৃথিবীর মালিক আল্লাহ, সেই জিনিস মানুষের দিতে পারার ক্ষমতা নেই। যেটার মালিক আল্লাহ, তা যদি কেউ টিকেট বা অন্য কোনো প্রলোভন হিসেবে দেওয়ার দাবি করে, তাহলে সেটি শিরক ছাড়া কিছু নয়। আগেই আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে কেমন ঠকাবে, এবার বোঝেন।”


তারেক রহমান আরও বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে এবং মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছে।”


তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াতে হবে। আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”