বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে কানায় কানায় পূর্ণ সিলেটের আলিয়া মাদরাসা মাঠ
ছবিঃ সংগৃহীত

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে দলের প্রথম নির্বাচনী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। একই সঙ্গে মাঠসংলগ্ন সড়কগুলোতেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।


দুপুর ১২টার দিকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।


সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। তাদের হাতে ধানের শীষ প্রতীকসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামসংবলিত টি-শার্ট পরিহিত ছিলেন।


নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠের দিকে অগ্রসর হতে দেখা যায়।


বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তিন লাখ বা তার বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।