ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে তিনি এ প্রচারাভিযান শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রচারকালে তারেক রহমান বলেন, “নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন আমরা আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। এখন আমাদের লক্ষ্য ধানের শীষকে জয়যুক্ত করা।”
তিনি আরও বলেন, “বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এখানে এসেছে, তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এই এলাকায় ধানের শীষ জয়যুক্ত হবে।”
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে জানতে চান, বিরাইমপুর ও দক্ষিণ সুরমা এলাকা থেকে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করা যাবে কি না। জবাবে উপস্থিত জনতা ধানের শীষে ভোট দেওয়ার দৃঢ় আশ্বাস দেন।
অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

