রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ এবার উঠে আসছে রূপালি পর্দায়। আর এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমনি। তার বিপরীতে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। লিসা গাজীর পরিচালনায় এই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে পরীমনি তার ক্যারিয়ারের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বেশ খোলামেলা কথা বলেন। সাম্প্রতিক সময়ে ‘হিরো’ ছাড়া কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “সবাই খেয়াল করছে ইদানীং আমি যে কাজগুলো করছি তার মধ্যে বেশিরভাগ সিনেমাতেই হিরো নাই। তো সবাই ভাবছে যে কী ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কীভাবে করছি! আবার যখন হিরোদের সাথে কাজ করি তখন দেখা যায় সিনেমার প্রচারের সময় হিরোদেরও পাওয়া যায় না।”
শোবিজ অঙ্গনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করে পরীমনি বলেন, “যদিও এসব আমার বলা উচিত না, তবে কাজ করতে এসে নানা ধরনের সমস্যার মুখে পড়েছি। সবাই এমনিতেই আমাকে একটু বেশি শত্রু ভাবে।”
রবীন্দ্রনাথের গল্পের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “রবীন্দ্রনাথের গল্পের কোনো চরিত্রে অভিনয় করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। আর যখন শুনলাম নারী প্রধান একটা গল্প আর ডিরেক্টরও একজন নারী, তখন এক বাক্যে রাজি হয়ে গেলাম।”
উল্লেখ্য, টানা ৯ দিন মালয়েশিয়ায় সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন পরীমনি। সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি সন্তানদের নিয়ে লাংকাউই দ্বীপে অবকাশ যাপন করেন তিনি। দেশে ফিরেই নতুন এই বড় প্রজেক্টের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিলেন ঢালিউড সুন্দরী।
পরিচালক সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের দিকে ‘শাস্তি’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

