বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কল খান্না সড়ক দুর্ঘটনার শিকার হলেও বড় কোনো আঘাত এড়াতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে অভিযুক্ত চালক রাধেশ্যাম রাইকে গ্রেপ্তার করেছে।
সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে জানা গেছে, মুম্বাইয়ের জুহু থানায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে রাধেশ্যামের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (IPC) এর ধারা ২৮১, ১২৫(এ) ও ১২৫(বি) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সূত্রপাত একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি থেকে। রাধেশ্যামের চালিত গাড়িটি প্রথমে একটি চলন্ত অটোরিকশাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়ির ওপর আছড়ে পড়ে, যা পরবর্তীতে ধাক্কা খায় তার নিজের এসইউভিতে।
দুর্ঘটনার সময় অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না তাদের গাড়িতে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা ভাগ্যক্রমে গুরুতর কোনো চোট পাননি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত চালকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

