জনগণের ম্যান্ডেটে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শুধু দলীয় নেতা-কর্মী নয়, দলের বাইরের যোগ্য ব্যক্তিদেরও মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশের অর্থনীতি ও স্বাস্থ্য খাত পরিচালনার মতো বহু যোগ্য মানুষ বাংলাদেশে রয়েছেন, যাদের রাষ্ট্র পরিচালনায় কাজে লাগানো হবে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী শুধু দল থেকে মন্ত্রী নিয়োগ দেবে—বিষয়টা এমন নয়। আমরা সমগ্র বাংলাদেশ থেকেই যোগ্য লোকদের দায়িত্বে আনব। দেশে অর্থমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অনেক দক্ষ মানুষ আছেন। তাই সব বাংলাদেশিকে বিবেচনায় নিলে যোগ্য লোকের কোনো অভাব হবে না।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা, দেশের বৈদেশিক নীতি, মাইক্রো ও ম্যাক্রো অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রকল্প—এসব বিষয়ে দলের সুস্পষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। পাশাপাশি নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে নারীদের নিরাপত্তা জোরদার করা, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মতো বিষয়গুলো নিয়েও কাজ করছে জামায়াত।
অনলাইনে নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে এই নেতা বলেন, অনলাইন এখন একটি নতুন কৌশল হিসেবে সামনে এসেছে। আরপিও যেটুকু অনুমতি দেয়, সেই সীমার মধ্যেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে। তবে দলের মূল লক্ষ্য হবে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করা। এজন্য দলের কর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিকল্পনা ও জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত।

